অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

 নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দিনব্যাপী সফরে তিনি নিজেই অল-টেরেইন ভেহিকল (এটিভি) চালিয়ে মহড়াস্থলের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী ‘বারো আউলিয়া’ এলাকায় তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’। মহড়ায় তিন বাহিনীর সামরিক সক্ষমতার পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরিচালিত কার্যক্রমও তুলে ধরা হয়।

মহড়া প্রত্যক্ষ করার পর প্রধানমন্ত্রী নিজেই ‘বারো আউলিয়া’ থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় আট কিলোমিটার পথ এটিভি চালিয়ে যান। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা ও কাদামাটির পিচ্ছিল পথ অতিক্রমের সময় রাস্তার দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

এটিভি বা অল-টেরেইন ভেহিকল দুর্গম ও অসমতল পথে চলাচলের উপযোগী বিশেষ ধরনের যান। ভিউ পয়েন্ট-১-এ পৌঁছালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে খোলামেলা পরিবেশে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

পরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী পরিদর্শন শেষে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের উদ্দেশে সংক্ষিপ্ত নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এ যৌথ মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত।

স্বর্ণদ্বীপে অবস্থানকালে ভিউ পয়েন্ট-১ এলাকায় একটি নিমগাছের চারাও রোপণ করেন প্রধানমন্ত্রী।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এবারই প্রথম যৌথ মহড়া আয়োজন করা হলো।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে তাঁকে বিদায় জানান তিন বাহিনীর প্রধান। বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

1

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের

2

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূম

3

পাঁচ বছরের ছোট প্রেমিক ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি স

4

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

5

বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমে নতুন গতি

6

মসজিদভিত্তিক মক্তব শিক্ষা দলীয় প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্ম

7

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

8

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত

9

ইতালিতে চাকরির প্রলোভনে লিবিয়ায় দুই যুবককে জিম্মি, আটক ১

10

নন্দীগ্রামের শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধা

11

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক

12

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

13

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

14

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যোগ্য সবাই প

15

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন

16

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

17

জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

18

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি

19

সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয় ভাঙচুর, সাবেক এমপি হাবিবে মিল্লা

20