আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। গণশুনানির মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটরের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
চিঠিতে আরও বলা হয়, এ উদ্যোগে সরকার সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির আগে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিং করা হবে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানির আয়োজন করা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে এ বিষয়ে অবহিত করা হবে।
মন্তব্য করুন