অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় দুই শিশু ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত একটি কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের পাঁচ তারকা রিসোর্ট ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’তে উঠবেন। আন্তালিয়ায় অবস্থানকালে তিনি সেখানেই থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাঁকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয়। বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আগামী ১১ ও ১২ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির হিসাব আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা উপস্থাপন দেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা বিনিময় করা হবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনের ব্লু জোনে দুটি পার্শ্ববৈঠকের আয়োজন করবে। এর একটি বাংলাদেশের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

1

শার্শায় প্রায় ১২ কোটি টাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স

2

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: প্রধানমন্

3

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিরোধীদ

4

শেখ হাসিনা কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

5

টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

6

ফুটপাত দখলমুক্তকরণ: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সমাধান অসম্ভব

7

বেনাপোল বন্দরে দুর্ঘটনায় নিহত-আহত দুই শ্রমিকের পরিবারের পাশে

8

চাঁদে বসতি গড়ার পথে নতুন আশার আলো

9

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

10

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

11

হোটেলে বসে সামরিক অভিযানের ঘোষণা, ইয়েমেন সরকারের বাস্তবতা নি

12

চীন-রাশিয়া সম্পর্ক এখন ‘আরও মূল্যবান’: শি জিনপিং

13

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

14

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থান ও সুরক্ষায় বিশেষ ব্যবস্থা ন

15

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিত

16

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

17

পীরগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

18

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

19

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

20