অভিনয়জীবনের পাঁচ দশক পূর্ণ করেছেন দেশের বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘদিনের অভিনয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা আজিজুল হাকিম অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে নিজস্ব স্বকীয়তা প্রতিষ্ঠা করেছেন তিনি।
অভিনয়ে দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে এ সম্মাননা দেওয়া হবে।
১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের অনেক খ্যাতিমান নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীসহ অনেকে।
অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি এবং সিজেএফবির বিশেষ সম্মাননা পাওয়ার বিষয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর-এই দুয়ের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’
এবারের আয়োজনে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল। এ ছাড়া টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হবে নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকারকে।
সিজেএফবির ২৫তম এ আয়োজনের মাধ্যমে দেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।
মন্তব্য করুন