তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত অর্থায়ন পাওয়া গেলে অনুদানের পরিমাণ বেড়ে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় দাঁড়াতে পারে।
কপ৩১ জলবায়ু সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড থেকে মোট ৬ কোটি ৩ লাখ ডলারের সমপরিমাণ অর্থের অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্যে সিআইএফ থেকে ৩ কোটি মার্কিন ডলার এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো পাওয়া যাবে। অতিরিক্ত ২ কোটি ইউরো পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আজ ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তিনি জানান, সিআইএফ থেকে পাওয়া ৩ কোটি মার্কিন ডলারের বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় ৩৭৪ কোটি টাকা। অন্যদিকে গ্লোবাল শিল্ড থেকে নিশ্চিত হওয়া ৩ কোটি ইউরোর মূল্য প্রায় ৪১০ কোটি টাকা। সব মিলিয়ে নিশ্চিত অনুদানের পরিমাণ প্রায় ৭৮৪ কোটি টাকা।
ড. সাইমুম পারভেজ বলেন, গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশ আরও ২ কোটি ইউরো, অর্থাৎ প্রায় ২৭৩ কোটি টাকা পেতে পারে। এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হলে দুটি তহবিল থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।
তিনি স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক তহবিল থেকে পাওয়া সম্পূর্ণ অর্থই অনুদান। এসব অর্থ বাংলাদেশকে ফেরত দিতে হবে না।
অনুদানের ব্যবহার সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। আর গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগসহ জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। এ অর্থ ব্যবহারের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
তিনি জানান, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে অর্থায়ন বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ড. সাইমুম বলেন, জলবায়ু তহবিলে অনুদানের পরিমাণ কমে যাওয়া এবং ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ায় উন্নয়নশীল দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও জলবায়ু মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়েছে। ঋণ গ্রহণের প্রয়োজন হলে তা যেন সহজ ও নমনীয় শর্তে দেওয়া হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরাকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি। প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা এসব দাবির ভিত্তিতে আলোচনা অব্যাহত রাখেন।
সম্মেলনের নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও শেষ পর্যায়ের দর-কষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নেয় বলে জানান ড. সাইমুম।
ম্যানগ্রোভ বন সংরক্ষণ নিয়েও সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। ড. সাইমুম পারভেজ জানান, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারত্ব কাজে লাগিয়ে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণ, সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং এ বনভূমির ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন বাংলাদেশের লক্ষ্য।
বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যসংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সাংবাদিকদের সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তাও পেয়েছেন। সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ভবিষ্যতে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের যোগ্যতা ও সক্ষমতার বিষয়টি আরও বেশি গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
কার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে ড. সাইমুম বলেন, এ উদ্যোগের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির কাজ গত সাত-আট মাস ধরে চলছে।
তিনি জানান, কপ৩১ সম্মেলনের সময় কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনা যাচাই করতে বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।
আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রক্রিয়াটি চূড়ান্ত হলে সংশ্লিষ্ট লেনদেনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।
মন্তব্য করুন