অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসন

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের জনবল বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।


অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় অধিদপ্তরের জনবল বাড়ানো এবং সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যান। এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। তবে এই সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

এএমআর মোকাবিলায় মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় দেড়শ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল ব্যবস্থাপত্র ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা করা সহজ হবে। এর ফলে চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, খামার পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ছাড়াই পশুপাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ বা অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি আইইডিসিআরের চলমান এএমআর নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্প হিসেবে সীমাবদ্ধ না রেখে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন।

একই সঙ্গে ফ্লু বা ভাইরাসজনিত সাধারণ জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন না করার বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

1

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

2

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

3

অবকাঠামো নয়, শিশুর কার্যকর শেখাই প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার

4

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধা

5

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্

6

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

7

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বা

8

বাংলাদেশে সমন্বিত ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ার অঙ্গীকার বি

9

‘ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের

10

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক

11

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

12

বস্তি ও উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলার

13

শিশুকে শরীর ও সম্মতি নিয়ে স্বচ্ছন্দে কথা শেখানোর পরামর্শ দিয়

14

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের

15

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

16

নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্প

17

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিলেন পচেত্তিনো, প্রথম পরীক্

18

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-নেদারল্যান্ডস যৌথভাবে কাজ কর

19

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনে

20