চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চাঁদপুর সাব-সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান এবং এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান। এ সময় সংসদ সদস্য তাঁকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত আইইবি নির্বাচনে চাঁদপুর সাব-সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুজ্জামানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় সংসদ সদস্য বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং টেকসই উন্নয়নে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁদপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা, সততা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব প্রকৌশলীদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইইবি চাঁদপুর সাব-সেন্টারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হাসান, এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মু. ইসতিয়াক হাসান এবং সওজ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান।
এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুজ্জামান সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত প্রকৌশলীরা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং চাঁদপুরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
মন্তব্য করুন