স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নির্বিঘ্ন ও টেকসই করতে জাতীয় রোডম্যাপ প্রণয়ন, আর্থিক সংস্কার, বিকল্প অর্থায়ন এবং ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রস্তুতির সময়সীমা তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর উত্তরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন নীতিগত ও আর্থিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় রোডম্যাপ বাস্তবায়ন, বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান, ঋণ ব্যবস্থাপনার উন্নয়ন এবং পুঁজিবাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে এসব তথ্য জানান। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি বক্তব্য দেন। সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন এ নোটিশ উত্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, জাতীয় রোডম্যাপ ও সংশোধিত মসৃণ উত্তরণ কৌশল যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি বিকল্প অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা ও পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কার করা গেলে বাংলাদেশের এলডিসি উত্তরণ নির্বিঘ্ন ও টেকসই করা সম্ভব হবে।
তিনি জানান, জাতিসংঘের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের কথা ছিল। তবে কোভিড-১৯ মহামারির পরবর্তী অর্থনৈতিক চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে সংস্কার কার্যক্রম ও উত্তরণের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।
এ পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলো প্রস্তুতির সময় বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘ ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) কাছে একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন তৈরির অনুরোধ করে।
ওই প্রতিবেদনে প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি এবং উত্তরণ প্রক্রিয়ায় গুরুতর বিঘ্নের বিষয়টি উঠে আসে। এর ভিত্তিতে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ।
অর্থমন্ত্রী বলেন, গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। সে অনুযায়ী ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি তালিকা থেকে উত্তরণ ঘটাবে।
এলডিসি উত্তরণকে গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, উত্তরণের পর স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে যেসব বিশেষ সহায়তা ও সুবিধা পেয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে হারাবে। ফলে দেশকে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণের জাতীয় রোডম্যাপ (২০২৬-২০২৯)’ প্রণয়ন করেছে। এতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকার, উৎপাদনশীলতা ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা এবং সুশাসন ও অংশীদারিত্ব—এই পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ চিহ্নিত করা হয়েছে।
রোডম্যাপে ২১টি প্রধান কর্মক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ও সহযোগী সংস্থার পাশাপাশি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ রয়েছে। এ ছাড়া বেসরকারি খাতের জন্য ১৫টি উচ্চপ্রভাবসম্পন্ন কর্মক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।
এসব কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে প্রযুক্তির আধুনিকায়ন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ড (ইএসজি) অনুসরণ, শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা।
পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকার আগে প্রণীত মসৃণ উত্তরণ কৌশলও সংশোধন করছে। কার্যকর বাস্তবায়ন ও সমন্বয় নিশ্চিত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় উত্তরণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা দেবে। কমিটির প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা রয়েছে। ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে এ টাস্কফোর্স কাজ করছে।
উন্নয়ন অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে হারাবে। একই সঙ্গে ঋণের ব্যয়ও বাড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় উত্তরণ-পরবর্তী উন্নয়ন অর্থায়ন অব্যাহত রাখতে সরকারি অর্থায়ন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য অর্থায়নের উৎস বহুমুখীকরণ।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ বাজেট ঘাটতি নির্ধারণ করেছে সরকার। রাজস্ব আহরণ বাড়ানো এবং সতর্ক ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যও নেওয়া হয়েছে।
সরকার মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করছে এবং নিয়মিত ঋণের স্থায়িত্ব বিশ্লেষণ করছে। এর মাধ্যমে দেশের ঋণঝুঁকির অবস্থান মাঝারি থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে সরকারি ঋণ গ্রহণের নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরিকল্পনাও রয়েছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব, সহজ শর্তে বৈদেশিক অর্থায়ন এবং বাজারভিত্তিক আর্থিক উপকরণের সমন্বয়ে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
বৈদেশিক অর্থায়নের উৎস বাড়াতে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাবনা পর্যালোচনা করছে সরকার। এ ক্ষেত্রে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারকে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে করপোরেট বন্ডের বাজার সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল বন্ড চালু এবং দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি প্রকল্পে বন্ড, সুকুক ও অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি পেনশন তহবিল, বীমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহিত করছে সরকার।
অর্থমন্ত্রী আরও বলেন, সরাসরি ঋণের দায় সৃষ্টি না করে আন্তর্জাতিক ইকুইটি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনমিতিক পরিবর্তন ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। আগের বছরগুলোর তুলনায় শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
অর্থমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের অঙ্গীকার রয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক পরিবেশের উপযোগী জনশক্তি গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন