পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ভবিষ্যতে যে পেশাতেই যুক্ত হোক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালনের বিষয়টি মনে রাখতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো—কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা শেষ করে একসময় তাঁরা বিভিন্ন পেশায় যুক্ত হবেন। কেউ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষক হবেন। তবে যে পেশাতেই কাজ করুন না কেন, ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি কর্তব্যের কথাও সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। বিবেকবান নাগরিক হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে অবদান রাখা সম্ভব।
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চায় অংশ নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।’
শুধু মুখস্থ করে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র লক্ষ্য নয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, এসব বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তাঁরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন।