অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

গঙ্গার পানি বণ্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু না হওয়ায় শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও ভারত এখনো আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি জানায়নি। বাংলাদেশ অবশ্য নতুন চুক্তি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।

গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা যৌথ কমিটির দায়িত্ব হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানান, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

বাসসকে তিনি বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তি অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়নের জন্য নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা জরুরি। যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অবস্থান হলো, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সেই নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। বাংলাদেশ ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং দুই দেশের আলোচনায় দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান আসবে বলে তিনি আশা করেন।

মন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়ে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বিধান ছিল। ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এমন ব্যবস্থা ফিরিয়ে এনে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।

বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন হয়। ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতিতে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। কমিটিতে পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারত এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানায়নি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন শুধু পানিসম্পদের বিষয় নয়; এর সঙ্গে কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতি জড়িত। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়, এমন চুক্তি চায় বাংলাদেশ।

চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতিতে নবায়ন করা যাবে। ফলে চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না; দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিশ্চিত করা। শুধু পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না; নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, তা-ও চুক্তিতে স্পষ্ট থাকা প্রয়োজন। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখনো বাস্তবায়িত হয়নি। এ কারণে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমের পানিসংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রুহুল কবির রিজভী

1

শ্রমবান্ধব নীতি ও নতুন শ্রম আইনের কারণে ডিএফসির অর্থায়নের যো

2

গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প এক বছরের মধ্যে শেষ করার নির

3

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক হলেন সিনিয়র

4

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্

5

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াত সুবিধা বাড়

6

সব ধর্মের মানুষের শান্তি-সম্প্রীতি নিশ্চিত করতে হবে: প্রধানম

7

রেলওয়ের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ স্থায়ী কমি

8

ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করবে সরকার: স্বাস্থ্

9

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

10

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ম্যানচেস্টার সিটির রায়

11

মহাকাশে স্পেস স্টেশনের ডিগবাজি, ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা

12

বিগত সরকার জিডিপি প্রবৃদ্ধি বছরে ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দে

13

শেখ হাসিনার নতুন এনআইডির আবেদন করার সুযোগ নেই: নির্বাচন কমিশ

14

মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় না ব

15

নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকেই: মজুরি বোর্ড চেয়ারম্

16

জোহানেসবার্গ ও কেপটাউনে বিমান যোগাযোগ বাড়ানোর উদ্যোগ

17

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্

18

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

19

হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে ভারত: শামসুজ্জাম

20