অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও কথিত অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলার যুক্তিতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যে নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবটি চূড়ান্ত হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানি খাতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে।


যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও কথিত অন্যায্য বাণিজ্য চর্চা মোকাবিলার কথা উল্লেখ করে বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাবের ঘোষণা দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় আট মাস ধরে তদন্ত চালানোর পর এ প্রস্তাব সামনে এনেছে। বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত কাঠামোগত সমস্যাগুলো ছিল তদন্তের মূল বিষয়।

তদন্তের আওতায় মোট ১৬টি অর্থনীতি থাকলেও নতুন শুল্ক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৪টি দেশ ও অঞ্চলকে। এগুলো হলো বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

প্রাথমিক তদন্তে অন্তর্ভুক্ত মেক্সিকো ও নরওয়েকে আপাতত প্রস্তাবিত শুল্কের তালিকায় রাখা হয়নি।

দেশ ও পণ্য অনুযায়ী শুল্কের হার নির্ধারণ করা হবে। চীনের ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার আওতায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, চীন ও ভিয়েতনামের মতো কয়েকটি দেশের পণ্যে বেশি শুল্ক আরোপের যৌক্তিকতা থাকলেও বিদ্যমান বাণিজ্য চুক্তির কারণে শুল্কের পরিমাণ সীমিত থাকবে।

তবে বাংলাদেশের পণ্যে ঠিক কত শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবং কোন কোন পণ্য এর আওতায় পড়বে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে পৃথক ৩০১ ধারার তদন্তের আওতায় বাংলাদেশের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে নতুন প্রস্তাবিত শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে দুটি শুল্ক যোগ হয়ে একই পরিমাণে মোট শুল্ক বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় রপ্তানি বাজার। এ কারণে নতুন শুল্ক প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের রপ্তানি প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।

ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৯৫০ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। আগের বছরের তুলনায় এ আমদানি বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। একই সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ৭১০ কোটি ডলার।

গত মার্চে তদন্ত শুরুর সময় বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি, সরকারি রপ্তানি প্রণোদনা এবং সিমেন্ট শিল্পের অতিরিক্ত উৎপাদন সক্ষমতাকে উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেছিল ইউএসটিআর।

মার্কিন সংস্থাটির অভিযোগ, বাংলাদেশ বস্ত্র ও চামড়াজাত পণ্যসহ ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা দিয়ে থাকে। এ ছাড়া দেশের সিমেন্ট শিল্পে উল্লেখযোগ্য পরিমাণ অব্যবহৃত উৎপাদন সক্ষমতা রয়েছে।

ওয়াশিংটনের দাবি, কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশের সরকারি সহায়তা ও শিল্পনীতির কারণে বাজারের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্ক নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত গ্রহণ ও শুনানির আয়োজন করা হবে।

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হতে পারে।

বাংলাদেশের ওপর প্রস্তাবিত শুল্কের চূড়ান্ত প্রভাব নির্ভর করবে এর নির্দিষ্ট হার, কোন কোন পণ্য শুল্কের আওতায় আসবে এবং রপ্তানির ক্ষেত্রে কোনো ছাড় বা বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়া হবে কি না, তার ওপর।

তথ্যসূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে সেশেলসকে হারিয়ে বাংলাদেশের কিশোরদের জয়

1

দুর্নীতি ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর সরকার: আইনমন্ত্রী

2

তারেক রহমান: বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে

3

ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্

4

কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান র

5

RDMS চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

6

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে: আই

7

স্বেচ্ছাশ্রমে গ্রামীণ উন্নয়নের দৃষ্টান্ত উলশী-যদুনাথপুর প্রক

8

বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

9

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে আসছে ফিনিক্স সামিট ২০২৬

10

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশ

11

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রতিমন্ত্রী মীর শাহে আল

12

রিবাকিনার পর চায়না ওপেন থেকে ছিটকে গেলেন সাবালেঙ্কাও

13

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

14

পীরগঞ্জে মাতৃসেবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, উন্নত সেবা

15

১০ হাজার টনের যুদ্ধজাহাজের নির্দেশ কিমের

16

জাতিসংঘের ৮১তম সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

17

সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ

18

ঢাকা বাঁচাও কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হলেন তিন নতুন সদস্য

19

ঢাকায় অগ্নিসংযোগ-সহিংসতার প্রতিবাদে প্রকৌশলীদের বিক্ষোভ

20