ঠাকুরগাঁওয়ের নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. তৈয়বর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তাঁর পক্ষের ব্যক্তিরা। তাঁদের দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তাঁকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের নাককাটি এলাকার নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. তৈয়বর রহমানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও প্রচারণার প্রতিবাদ জানানো হয়েছে। তাঁর পক্ষের ব্যক্তিদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল তাঁকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
প্রতিবাদকারীদের দাবি, শিক্ষক তৈয়বর রহমানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে হেনস্তা করা এবং জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
তাঁদের বক্তব্য অনুযায়ী, শিক্ষকের বর্তমান স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, মো. তৈয়বর রহমান তাঁর আইনগত স্বামী। প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস আগে তাঁদের বৈধভাবে বিয়ে হয়েছে বলে স্ত্রী জানিয়েছেন।
প্রতিবাদে আরও বলা হয়, স্ত্রীর আগের সংসারের ছোট সন্তানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশের পর শিক্ষক তাঁকে সঙ্গে নিয়ে সেখানে যান। বিষয়টি সম্পূর্ণ পারিবারিক হলেও সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে পরকীয়ার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষকের শ্বশুরের বক্তব্যের বরাত দিয়ে জানানো হয়, তৈয়বর রহমান তাঁর বৈধ জামাতা। তাঁকে অন্যায়ভাবে আটকে রেখে মারধর করা হয়েছে এবং তাঁর মোবাইল ফোন ও মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
প্রতিবাদকারীদের অভিযোগ, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই কিছু ব্যক্তি ও সাংবাদিক পরিচয়ধারী মানুষ মনগড়া তথ্য প্রচার করেছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং শিক্ষক তৈয়বর রহমান সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন।
তাঁরা ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জনসাধারণকে কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য ও প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।