অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডায়াবেটিসে বিশ্বে অষ্টম বাংলাদেশ, জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ ৮ দাবি

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা ২ কোটি ৩১ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।


বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। এ হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে দাঁড়াতে পারে।

রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেরিতে রোগ শনাক্ত হওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য স্বাস্থ্যজটিলতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা এবং সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি ও সুপারিশ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে বয়স-সমন্বিত ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে ভুগছেন।

অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর তথ্য অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ১৭ শতাংশ এবং পুরুষদের মধ্যে ১৫ শতাংশ।

বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেই শনাক্ত করা, দ্রুত পরীক্ষা এবং রোগের জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা বলেন, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকলে তাঁদেরও আগেভাগে পরীক্ষা করাতে হবে। রোগ শনাক্ত হওয়ার পরপরই চোখ, কিডনি, পায়ের স্নায়ু ও রক্তসঞ্চালন এবং হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ে মানসম্মত ডায়াবেটিস চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণ বাড়াতে হবে। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসকদের সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন পরামর্শ এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন প্রয়োজন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত ডা. শাহজাদা সেলিম বলেন, শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলের ক্যান্টিনে মিষ্টি পানীয় ও অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবার সীমিত করা, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং পরিবারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসের কারণে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান প্রসব এবং নবজাতকের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ ছাড়া এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৯ থেকে ১০ গুণ বেশি।

তিনি প্রসবের চার থেকে ১২ সপ্তাহের মধ্যে মায়ের পুনরায় ডায়াবেটিস পরীক্ষা এবং পরবর্তী সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান বলেন, দেশে ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যাত্ব এবং পিটুইটারি ও অ্যাড্রেনাল গ্রন্থির রোগও বাড়ছে। এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি এবং দেশীয় গবেষণার জন্য জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি, হৃদরোগ, প্রসূতি এবং ফুট-কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণ, ফেলোশিপ, জাতীয় রোগী নিবন্ধন এবং দেশীয় গবেষণার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. আফসার আহমেদ বলেন, নিয়মিত ওষুধ সেবনের পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসার পেছনে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, অনেক রোগী উপসর্গ না থাকলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন কিংবা অনিয়মিতভাবে সেবন করেন। খাদ্যাভ্যাসে অসচেতনতা, শারীরিক পরিশ্রমের অভাব, ওজন বৃদ্ধি, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা না করা এবং ইনসুলিন নিয়ে ভীতির কারণেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। অন্যদিকে, রোগীর এইচবিএ১সি (HbA1c) কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও অনেক সময় চিকিৎসকেরা ওষুধের মাত্রা বাড়ানো কিংবা ইনসুলিন শুরু করতে দেরি করেন।

চিকিৎসার ব্যয় রোগীকে বহন করতে হওয়া, এইচবিএ১সি পরীক্ষা, ইনসুলিন ও গ্লুকোজ পরিমাপের স্ট্রিপের অপ্রতুলতা এবং নিয়মিত ফলোআপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানান তিনি।

এ সমস্যা সমাধানে রোগীভিত্তিক চিকিৎসার লক্ষ্য নির্ধারণ, প্রতি তিন মাসে এইচবিএ১সি পরীক্ষা এবং কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ অর্জিত না হলে দ্রুত চিকিৎসাপদ্ধতি পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে আট দফা দাবি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা।

২. ৩৫ বছর বা তার বেশি বয়সীদের ডায়াবেটিস পরীক্ষা নিশ্চিত করা। পাশাপাশি বিএমআই ২৩ বা তার বেশি এবং অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম পরীক্ষার আওতায় আনা।

৩. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার, এইচবিএ১সি পরীক্ষা এবং ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তের ব্যবস্থা করা।

৪. সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং প্রসব-পরবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা।

৫. প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, স্কুলের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর খাদ্যনীতি গ্রহণ।

৬. সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ ও আসন বৃদ্ধি এবং জেলা পর্যায়ে পরামর্শ ও মেন্টরিং ব্যবস্থা চালু।

৭. জাতীয় ডায়াবেটিস নিবন্ধনব্যবস্থা চালু, বহুকেন্দ্রিক গবেষণা এবং চিকিৎসার মান যাচাইয়ে গুণগত সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করা।

৮. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে রোগীদের সচেতন করা, লক্ষ্যভিত্তিক চিকিৎসা এবং চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের সমন্বয়ে দলভিত্তিক ফলোআপ চালু করা।

বক্তারা বলেন, ডায়াবেটিস মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার এখনই সময়। রোগ শনাক্তের পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা, সহজলভ্য ওষুধ এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে ডায়াবেটিসজনিত জটিলতা ও অকালমৃত্যু অনেকাংশে কমানো সম্ভব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি সাড়াদান ব্যবস্থা আন্

1

প্রযুক্তি নয় দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল ল

2

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

3

কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা

4

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

5

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকা

6

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার চান হুমায়ুন কব

7

যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান র

8

কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান

9

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

10

রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী অপরাধীই: স্বরাষ্ট্রমন্ত্রী

11

রবিবার শুরু বাজেট অধিবেশন

12

আজ এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল, শিরোপার লড়াইয়ে সোনারগাঁও

13

বস্তি ও উপকূলীয় এলাকার উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলার

14

নাকাটি হাটের শিক্ষক তৈয়বর রহমানকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদ,

15

নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

16

বিদ্যুৎ খাতের প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক

17

এশীয় সহযোগিতা জোরদারে তিন প্রস্তাব বাংলাদেশের

18

পাঁচ গোল করে একাই দলকে নকআউটে নিলেন মেসি

19

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় স

20