অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী

ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানিপ্রবাহ ৮০ শতাংশ কমেছে বলে গবেষণায় উঠে এসেছে। এতে পদ্মার শাখা ও সংযুক্ত নদ-নদীগুলোর মধ্যে অন্তত ১০টি নদী শুকিয়ে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। পানি সংকটের পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশেও এর বিরূপ প্রভাব পড়ছে।

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এলাকায় গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের পদ্মা নদী ও এর শাখা নদ-নদীগুলো দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ সংকটে রয়েছে। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় দেখা গেছে, ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় বর্তমানে শুষ্ক মৌসুমে পদ্মার পানিপ্রবাহ প্রায় ৮০ শতাংশ কমেছে।

ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি প্রত্যাহারের কারণে পদ্মায় চর জেগেছে এবং নদীর গতিপথ সংকুচিত হয়েছে। এর প্রভাবে পদ্মার উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী শুকিয়ে গেছে। অন্যদিকে কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদসহ কয়েকটি নদী মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কপোতাক্ষ নদের কোথাও হাঁটুপানি থাকলেও কোথাও পানি নেই। স্থানীয়দের ভাষ্য, যেটুকু পানি দেখা যায়, তা বৃষ্টির পানি; গঙ্গা থেকে আগের মতো পানি আসে না।

পদ্মার পানি সংকটে ক্ষতিগ্রস্ত শাখা নদীগুলোর একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাট এলাকায় পদ্মা থেকে এ নদীর উৎপত্তি। বড়ালের উৎসমুখে বিশাল চর জেগে উঠেছে। সেখানে পানির স্বাভাবিক প্রবাহ নেই। নদীর দুই পাশে চর জমে উঁচু হয়ে যাওয়ায় মাঝখানে সরু নালার মতো অংশ দিয়ে পানি প্রবাহিত হওয়ার অবস্থা তৈরি হয়েছে।

পদ্মা থেকে রাজশাহী ও নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম এ নদীর পরিবর্তনের দীর্ঘদিনের সাক্ষী। তাঁর ভাষ্য, একসময় বড়াল নদীতে বড় বড় নৌকা চলাচল করতে দেখেছেন তিনি।

নদী গবেষকদের মতে, বাংলাদেশের দীর্ঘতম এ নদীর মূল প্রবাহ থেকে শুরু করে শাখা নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহেও ফারাক্কা বাঁধের মারাত্মক প্রভাব পড়েছে।

পানি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে এবং শেষ হয় ১৯৭৫ সালে। ২ হাজার ২৪০ মিটার দীর্ঘ এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। নদীর মৃত্যু, মানুষের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাবের কারণে বাংলাদেশ ছাড়াও ভারতের কিছু অঞ্চলে বাঁধটির বিরোধিতা রয়েছে।

প্রায় অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান অভিযোগ, শুষ্ক মৌসুমে ভারত পানি প্রত্যাহার করায় পদ্মায় পানির সংকট তৈরি হচ্ছে। এর ফলে নদীর বুকে বিশাল চর জেগে উঠেছে এবং প্রবাহের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। সব মিলিয়ে দেশের অন্যতম প্রধান এ নদী অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ভারত বরাবরই কলকাতা বন্দর সচল ও রক্ষার স্বার্থে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। কয়েক বছর আগে বিহার সরকারও বাঁধটি ভেঙে দেওয়ার দাবি তুলেছিল। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতিবছর বন্যার দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া ফারাক্কার উজান ও ভাটিতে গঙ্গার ভাঙনও স্থানীয় বাসিন্দাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্প্রিঙ্গার নেচারের ডিসকভার ওয়াটার সাময়িকীতে ২০২৬ সালের জুনে প্রকাশিত মো. ইমরান হোসেনের গবেষণায় বলা হয়েছে, উজান থেকে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষিকাজ, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

গবেষণায় বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষতির পুরোটা এককভাবে ফারাক্কা বাঁধের কারণে হচ্ছে—এমন নয়। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।

এ ছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার ১৯৯৮ সালের গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, পানি প্রত্যাহার ও ফারাক্কা বাঁধের প্রভাবে লবণাক্ততার কারণে আঞ্চলিক ধানের ফলন বোরো মৌসুমে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং আমন মৌসুমে ৭১ শতাংশ পর্যন্ত কমেছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে সামগ্রিক ধান উৎপাদন বেড়েছে।

তবে গবেষকদের মতে, সামগ্রিক উৎপাদন বৃদ্ধির হিসাবের পাশাপাশি উজানের পানিপ্রবাহ কমে যাওয়া ও লবণাক্ততার প্রভাব না থাকলে দেশের কৃষি উৎপাদন আরও কতটা বাড়তে পারত, সেই সম্ভাব্য ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, অভিন্ন নদ-নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত যেসব আলোচনা হয়েছে, সেগুলোতে নদীকে মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয়েছে। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা যথাযথ গুরুত্ব পায়নি।

তিনি বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীতে নদ-নদী ব্যবস্থাপনায় প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। প্রতিটি নদী নিজস্ব উপত্যকায় একটি বাস্তুতন্ত্র সৃষ্টি করে এবং তা টিকিয়ে রাখে। পৃথিবীর সামগ্রিক বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় নদীর এ দুটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধ্যাপক নজরুল ইসলামের মতে, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী নয়। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে এর অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গিতে নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ সুরক্ষিত থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডেও নদীর অবদান বজায় রাখা সম্ভব।

পদ্মা নদীর তীরবর্তী এলাকার প্রবীণ বাসিন্দারাও নদীর পরিবর্তনের কথা তুলে ধরেছেন। তাঁদের ভাষ্য, আগে নদীতে প্রচণ্ড স্রোত ছিল এবং নদী ছিল অনেক বড়। বাঁধ নির্মাণের আগে পানির প্রবাহ ও গতি এত বেশি ছিল যে, নদীর এক পাড়ে নৌকা ভেড়াতেও চারজন মানুষকে সতর্ক থাকতে হতো। এখন অনেক জায়গায় নদীর পরিবর্তে বিস্তীর্ণ চর দেখা যায়।

পদ্মার জেলেদের অভিযোগ, নদীতে পানি কমে যাওয়ায় মাছের প্রাপ্যতাও আগের তুলনায় কমেছে। অতীতে যেসব প্রজাতির মাছ পাওয়া যেত, এখন সেগুলোর অনেকগুলো আর ধরা পড়ে না। ফলে অনেক জেলে মাছ ধরা পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাঁরা বলেন, গড়াই নদীতে একসময় মোট ৪৪ কিলোমিটার এলাকাজুড়ে চর পড়েছিল। বর্তমানে ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে নদীটি সচল রাখার চেষ্টা চলছে। কুষ্টিয়া জেলায় ১১টি নদী রয়েছে, যেগুলো পদ্মা ও গড়াই নদীর সঙ্গে সংযুক্ত। পদ্মায় পর্যাপ্ত পানি না থাকলে এসব নদীও মৃতপ্রায় হয়ে পড়বে।

নদ-নদীর সংকটের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বড় উদ্বেগের বিষয় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় এ সেচ প্রকল্প সম্পূর্ণভাবে পদ্মার পানির ওপর নির্ভরশীল। ষাটের দশকে চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে প্রকল্পটি গড়ে তোলা হয়।

কিন্তু ফারাক্কা বাঁধের প্রভাবে বিভিন্ন সময়ে পদ্মায় পানির সংকট দেখা দেওয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পানির অভাবে কয়েক দফায় সেচ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্য ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

1

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি

2

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার

3

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

4

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃ

5

ঠাকুরগাঁওয়ে ড্রেজারে বালু উত্তোলনে হুমকিতে টাঙ্গন নদী, প্রশা

6

বিদ্যুৎখাতে ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: ইসলামী

7

নেপালে হিমলুং পর্বতে তুষারধসে নিহত ২, নিখোঁজ ১৪

8

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হৃদ্‌যন্ত্রে বসানো হলো

9

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই

10

চট্টগ্রামে পাঁচ বছরে বেড়েছে আখের আবাদ ও উৎপাদন

11

জলবায়ু অর্থায়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

12

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে ধাক্কা

13

আজ রাতের আকাশে বিরল ‘ব্লু মুন’

14

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিত

15

প্রতিবাদ ও প্রতিরোধে আজও প্রাসঙ্গিক নজরুল

16

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূ

17

স্বৈরাচারের ফেরার পথ তৈরি করা শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধান

18

ব্রাজিলের সঙ্গে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার চান হুমায়ুন কব

19

গাবতলী পশুর হাট পরিদর্শনে প্রতিমন্ত্রী: সন্তোষজনক পরিবেশ, নি

20